নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় পুলিশ তিন থানায় পাঁচটি মামলা করেছে। এসব মামলায় দেড় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকশ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।
পুলিশ জানায়, রোববার রাতে মামলাগুলো দায়ের করা হয়। ১২টি দলের ডাকা হরতালে ওই দিনই ফতুল্লার পঞ্চবটি ও কাচপুরে ব্যাপক সংঘাতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
মূলত ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গেই পুলিশের সংঘাত বাঁধে। ১১টি দল ৩০ ঘণ্টার হরতাল ডাকলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন এ দলের হরতাল ছিলো শুধু রোববার।
জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টা, অস্ত্র লুট, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।
ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় এসব মামলা দায়ের করা হয়।
এর মধ্যে ফতুল্লা থানায় দুটি মামলায় গ্রেপ্তারকৃত ১৫ জনসহ ৪০ জন, সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনসহ ৬৭ জন, সোনারগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তারকৃত ৬ জনসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত দলগুলো হরতাল ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24