২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রম ইস্যুতে আটকে আছে টিআইসিএফএ চুক্তি'

শ্রম অধিকার বিষয়ে জটিলতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিআইসিএফএ) স্বাক্ষরসই আটকে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

শেখ শাহরিয়ার জামান ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম অধিকার বিষয়ে জটিলতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিআইসিএফএ) স্বাক্ষরসই আটকে আছে। বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা দুই দেশের জন্য একটি অভিন্ন প্লাটফর্ম গঠনে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী যেখানে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। তবে শ্রমিক ইউনিয়নের বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। পরিবেশ, দুর্নীতি ও মেধাস্বত্ব অধিকারের মতো জটিল বিষয়গুলোর বিতর্ক এরই মধ্যে সুরাহা হয়েছে বলেও জানান তিনি। "রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে আমরা কখনোই শ্রমিক ইউনিয়নকে অনুমোদন দিতে পরি না- এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আশা করি যুক্তরাষ্ট্রও আমাদের এই বাস্তবতা বুঝতে পারবে।" যুক্তরাষ্ট্র চুক্তিতে শ্রমিক ইউনিয়ন করার অধিকারের বিষয়টি উল্লেখ রাখার পক্ষে। ফারুক খান বলেন, টিআইসিএফএ চুক্তির বিষয়ে আলোচনা করতে জুনের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান বাণিজ্য ও পররাষ্ট্র সচিব। সেখানে আলোচনার মাধ্যমে অন্তত ৯৫ শতাংশ বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে। দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলানি শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন জানিয়ে তিনি বলেন, ওই আলোচনায় এসব বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে আশা করছি। এর আগে একই বিষয়ে আলোচনায় গত এপ্রিলে ডিলানি বাংলাদেশে এসেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বাংলাদেশের পক্ষ থেকে একটি রূপরেখা দেওয়া হয়েছে, তারা সেটি পর্যালোচনা করবেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান ফারুক খান। তিনি বলেন, "এই সুবিধা আদায়ে কূটনৈতিক তৎপরতা চলছে এবং ওয়াশিংটনে আমাদের দূতাবাসও কঠোর পরিশ্রম করে যাচ্ছে।" ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক (টিফা) চুক্তি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে নতুন একটি ফোরাম গঠনের এই প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২২২৫ ঘ.