সাতক্ষীরা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়ায় 'ফেনসিডিল চোরাচালান' নিয়ে দু'দলের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়।
শনিবার উপজেলার ভাদিয়ালী গ্রামে এ সংঘর্ষ হয় বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন ভাদিয়ালী গ্রামের রেজাউল ইসলাম (২৭), হাসান মিয়া (৩২), আব্দুল হান্নান (৪৫), তৌহিদুল ইসলাম (২২), সালেহা (৫৫), আব্দুল জলিল (৪৫), কামরুজ্জামান (২৫) ও নাজিরুল (২০)।
তাদের কলারোয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কলারোয়া পৌর এলাকার অনিক (১৯) ও রিপন (২৮) ভাদিয়ালী গ্রামের রাজুকে (২০) এক লাখেরও কিছু বেশি টাকা দেয় ভারত থেকে ফেনসিডিল আনার জন্য।
কিন্তু চুক্তি মোতাবেক ফেনসিডিল না দেওয়ায় তারে ধ্যে বিরোধ হয়।
এ নিয়ে শুক্রবার রাতে সালিশ বৈঠকে দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে শনিবার বিকাল পর্যন্ত দু'পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয় রেজাউল ইসলামের বাড়িতে ভাংচুর ও লুটপাটও চালানো হয়।
কলারোয়ার সোনাবাড়ীয়া ইউপি সদস্য সোহরাব হোসেন ও আব্দুস সবুর ফেনসিডিল চোরাচালান নিয়ে সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন।
কলারোয়া থানার ওসি সুভাষ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারামারি ও হামলার ঘটনায় গ্রামের আবুল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে জমিজমা নিয়ে গোলযোগের কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24