২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আবার রেলপথ অবরোধ

আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেল স্টেশনে আবার অবরোধ করেছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 06:05 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

গাজীপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেল স্টেশনে আবার অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার সকাল ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয় কাওরাইদসহ সাতটি ইউনিয়নের মানুষ। শুক্রবার সকাল ও বিকালেও ঢাকা-ময়মনসিংহ রুটের ওই স্টেশনে দুই ঘণ্টা অবরোধ করা হয়। এলাকাবাসী ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই এ কর্মসূচি পালন করবে তারা। অবরোধের কারণে সকাল ৭টার দিকে ঢাকামুখী যমুনা কাওরাইদে আটকা পড়ে। পৌনে ৮টার দিকে ছাড়া পায় ট্রেনটি। ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, জনতা পয়েন্টসম্যানের কাছ থেকে লাইন ক্লিয়ারের জন্য ব্যবহৃত লুপ স্টিক নিয়ে যায়। ট্রেন আটকানোর পর জনতা স্টেশনে মিছিল-সমাবেশ করলেও কোনো ধরনের ভাংচুর হয়নি। কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল সাংবাদিকদের বলেন, শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ কয়েক বছর ধরে কাওরাইদ স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছে। রেল কর্তৃপক্ষের কাছে এ জন্য আবেদনও জানানো হয়েছে, কিন্তু সাড়া মিলছে না। ওই স্টেশনে যমুনার যাত্রাবিরতি হলে ঢাকাগামী কর্মজীবী তিন হাজার মানুষ সুবিধা পাবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.