খুলনা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনায় বিএনপি সমর্থিত ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্পেন দেবনাথ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাত আরো ৩০/৪০ জনকেও আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলনা সদর জোনের সহকারী কমিশনার মো. আলীমুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, বিএনপি জামায়াত জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার নগরীর আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মিছিল বের করে।
লাঠিসোটা নিয়ে জঙ্গি মিছিলটি জনসাধরণের চলাচলে বাধা এবং ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন মিছিলকারীরা পুলিশের ওপর ইটপটকেল এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এজাহারভুক্ত আসামিরা হলেন জেলা আইনজীবী সমিতি সভাপতি শেখ মাসুদ হোসেন রনি, সাবেক সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও এস আর ফারুক, জিল্লুর রহমান, গোলাম মওলা, মফিজুর রহমান মফিজ, হাফিজুর রহমান, আবুল হোসেন হাওলাদার, লতিফুর রহমান লাবু, ইমাম হোসেন, মাসুদ, কবীর হোসেন, লস্কর শাহ আলম, আনিসুর রহমান, রফিকুল ইসলাম, অনুরাগ ব্যানার্জি, রেজাউল, রকীব, শহীদুল ইসলাম ও নুরুল হাসান রুবা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৩ ঘ.
bdnews24