মৌলভীবাজার, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপিনো স্ত্রীকে মারধর করে যৌতুক চাওয়ার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কাওছার আহমদ (৩০) ও তার স্ত্রী সারনকে আটক করা হয়।
শুক্রবার বিকালে কাওছারকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়।
সারনকে ফিলিপাইন দূতবাসের সহকারী রাষ্ট্রদূত মেরী গ্রেইস ভি ভিলিয়ামর তার সঙ্গে করে ঢাকায় নিয়ে যান বলে পুলিশ জানায়।
কুলাউড়া থানার ওসি কামরুল হাসান জানান, কুলাউড়া উপজেলার বনগাঁও গ্রামের আকুল মিয়ার সৌদি প্রবাসী ছেলে কাওছার আহমদের সঙ্গে ফিলিপিনো তরুণী সারন ভেলাস টু ভালদ্বেজ'র (২৪) ইন্টারনেটের মাধ্যমে পরিচয় হয়। এরপর হয় প্রেম।
তার দু'বছর পর সৌদি আরব থেকে কাওছার ছুটিতে দেশে আসেন। গত ১মে সারন বাংলাদেশে এসে কুলাউড়া যান। ৫মে ধর্মান্তরিত হয়ে কাওছারকে বিয়ে করেন সারন। এরপর নাম রাখা হয় আয়েশা রাহ সারন শাকুর।
বিয়ের কয়েকদিন পর সারন ফিলিপাইন যান। ১৬ জুন আবার তিনি ঢাকা চলে আসেন। এখানে তারা কয়েকদিন থেকে কাওছারের বাড়ি চলে যান।
কুলাউড়া থানায় সারনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, কুলাউড়া আসার পর থেকে কাওছারের মা-বাবা পুত্রবধূ সারনকে মারধর করেন এবং ঘর বানানোর জন্য ১০ লাখ টাকা দাবি করেন।
বিষয়টি তিনি (সারন) ঢাকায় ফিলিপাইন দূতাবাসে টেলিফোনে জানালে দূতাবাস থেকে কুলাউড়া থানাকে জানানো হয়।
ওসি কামরুল কামরুল হাসান বলেন, ফিলিপিনো নাগরিক সারন স্বামী কাওছার, তার মা ও বাবার বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা (নম্বর ১২) দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.
bdnews24