চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের ক্ষতি পুষিয়ে নিতে চট্টগ্রামের দুটি বেসরকারি বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির দিন ক্লাস হয়েছে শুক্রবার। কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার কথা মাথায় রেগেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ (বাওয়া) এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার বাড়তি ক্লাস নেওয়া হয়।
বাওয়া স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিভাবকদের সঙ্গে আলোচনার পরই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, আগামী ২১ জুলাই থেকে স্কুল শাখার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। সিলেবাস শেষ না হওয়ায় শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, হরতালের কারণে শিক্ষার্থীদের পাঠদানের ঘাটতি পুষিয়ে নিতে এবং আসন্ন পঞ্চম শ্রেণীর সমাপণী ও অষ্টম শ্রেণীর পরীক্ষার বিষয়টি বিবেচনা করে তারা শুক্রবার ক্লাস নিয়েছেন।
১০ ও ১১ জুলাই হরতাল হলে পরবর্তী শুক্রবারও ক্লাশ নেওয়া হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আজিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী শুক্রবারে তাদের বিদ্যালয়েও ক্লাস নেওয়া হতে পারে। এ নিয়ে শনিবার বিদ্যালয়ের শিক্ষদের সঙ্গে আলোচনা হবে।
বেসরকারি বিদ্যালয়গুলোর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সহকারী জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তা বাস্তবায়ন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/জেকে/২২২০ ঘ.
bdnews24