ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত একের পর এক আহতরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
তারা জানান, লালবাগ, পালাশীর মোড়, গোলাপ শাহ মাজার ও দোয়েল চত্ত্বর এলাকায় কুকুর তাদের কামড় দিয়েছে।
আহতরা হলেন, আবদুল কুদ্দুস (৮২), আবদুল লতিফ (৬৮), মো. সেলিম (৩৫), মো. রাসেল (১৮), শহিদুল ইসলাম (৯), জয়নুল ইসলাম (২৫), জান্নাত বেগম (৫), সামীর (৫), সুমন (৩০), সাইদুর রহমান (১০) ও মো. হোসেন (২৫)। আরো তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এলেও নাম নিবন্ধন না করে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে টিকা নেওয়ার জন্য চলে যা বলে চিকিৎসকরা জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারনতঃ জুলাই ও অগাস্ট মাসে কুকুরের কামড়ের ঘটনা বেশি ঘটে।
তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সকলকেই জলাতঙ্ক রোগের প্রতিশেধক টিকা নেওয়ার জন্য মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
কুকুরের কামড়ে আহত মো. হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজারের ওখানে তিনি হেটে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি কুকুর তার পায়ে কামড় দেয়।
একটি কুকুরই সকলকে কামড় দিয়েছে কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭১২ ঘ.
bdnews24