নারায়ণগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হরতালে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানসহ সাত/আটশ' জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মুনসেফ আহম্মেদ এ মামলা দায়ের করেন।
এতে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭/৮শ' জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী সৈয়দ মুনসেফ আহম্মেদ জানান, হরতালের প্রথমদিন পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান ও হামলা ও ভাংচুরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার হরতালের প্রথম দিন রূপগঞ্জের বরাবো এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24