২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শতাংশ প্রবৃদ্ধি: বিনিয়োগ লক্ষ্যমাত্রা জানালেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ৭ থেকে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হলে জিডিপি'র ৩০ থেকে ৩৫ শতাংশ অভ্যন্তরীণ বিনিয়োগের প্রয়োজন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ৭ থেকে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হলে জিডিপি'র ৩০ থেকে ৩৫ শতাংশ অভ্যন্তরীণ বিনিয়োগের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। সানজিদা খানমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বৈদেশিক সাহায্য নিয়ে আসছে। ১৯৭২ সাল থেকে গত ৩১ মে পর্যন্ত ৫৪ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্য পাওয়া গেছে। এর মধ্যে ৩১ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদান রয়েছে। এ বৈদেশিক সাহায্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অবকাঠামো ও আর্থ সামজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। "আগামীতে বাংলাদেশকে ৭ শতাংশ থেকে ৮ শতাংশ বা এর বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হলে জিডিপি'র শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ অভ্যন্তরীণ বিনিয়োগ প্রয়োজন হবে। বর্তমান প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রাজস্ব থেকে এ পরিমাণ বিনিয়োগ করা সম্ভব নয়। সেক্ষেত্রে বৈদেশিক সাহায্য এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম।" ২০১১-১২ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ হয়েছে ৭ শতাংশ। মন্ত্রী জানান, উন্নয়ন সহযোগী সংস্থা বা দেশগুলোর কাছ থেকে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট (ওডিএ) নেওয়া হয়ে থাকে। যার পুরোটাই নমনীয় ঋণ কিংবা অনুদান। বিকাল ৫টা ২০ মিনিটে সভাপতিমণ্ডলীর সদস্য ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 'কিছুটা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা' আব্দুল মোমিন তালুকদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ডিসেম্বর থেকে ফেব্র"য়ারির মধ্যে পুঁজিবাজারে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল। এ সময় যে সব ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী এসেছিলেন তাদের একটি অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হয়। "এক্ষেত্রে সরকারের উপযুক্ত ব্যবস্থার ফলে বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।" এ কে এম রহমতুল্লাহ'র লিখিত প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, বর্তমানে দেশে লিজিং কোম্পানির সংখ্যা ৩০টি। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরোপিত সর্বনিু ও সর্বোচ্চ সুদ হার যথাক্রমে শতকরা ১০ ভাগ ও ২০ ভাগ। সনাতনী ডাকসেবায় মানুষের আগ্রহ কমছে মঞ্জুর কাদের কোরাইশীর প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, প্রযুক্তির উন্নয়নের সুবাদে জনসাধারণের চাহিদার বিবর্তন ঘটছে। বিধায় সনাতনী ডাক সার্ভিসের প্রতি মানুষের আগ্রহ কমছে। তবে ব্যক্তিগত চিঠি কমে গেলেও প্রাতিষ্ঠানিক চিঠিপত্র বাড়ছে। সুবিদ আলী ভুঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, বিটিসিএল'র টেলিফোন গ্রাহক সংখ্যা প্রায় ১০ লাখ এবং টেলিফোন এক্সচেঞ্জের সংযোগ ক্ষমতা প্রায় ১৩ দশমিক ৫ লাখ। গ্রাহক সংখ্যা বাড়ানোসহ সার্ভিসের মান উন্নয়নের জন্য বিটিসিএল ১২টি প্রকল্প নিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২৫ ঘ.