ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরকে ধর্ষণ মামলায় পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
পুলিশের আবেদনে ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীন বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে এই সময় দিয়েছেন।
ঢাকার কেরানীগঞ্জ থেকে বুধবার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার পরিমলকে আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ওসি এসএম শাহাদত হোসেন এ মামলায় পরিমলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদনে বলেন, 'ঘটনার রহস্য উদঘাটনের জন্য' আসামিকে হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
অন্যদিকে পরিমলের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল।
শুনানিতে এই আইনজীবী বলেন, পরিমলের পরিচালিত কোচিং সেন্টারের সাফ্যলে ইর্ষাকাতর হয়ে ওই স্কুলের 'একটি মহল' ষড়যন্ত্র শুরু করেছে, যার শেষ পরিণতি হলো এই মিথ্যা মামলা।
এ মামলায় কথিত ধর্ষণের ক্ষেত্রে চিকিৎসকের কোনো সনদ বা প্রতিবেদন নেই বলেও দাবি করেন তিনি।
পরিমলের জামিনের আবেদনের বিরোধিতা করে মানবাধিকার আইনজীবী ফাউন্ডেশনের পক্ষে শুনানিতে বক্তব্য দেন অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, মাহমুদা আক্তার ও উম্মে কুলসুম স্মৃতি।
শুনানির সময় কাঠগড়ায় দাঁড়ানো পরিমল কোনো কথা বলেননি।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পরিমলকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজত মঞ্জুর করে।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বসুন্ধরা ক্যাম্পাসের এক শিক্ষার্থীর বাবা গত মঙ্গলবার পরিমলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ২ সেপ্টেম্বর বাংলা বিভাগের শিক্ষক হিসাবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন পরিমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৫৮ ঘ.
bdnews24