২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাইপলাইনের ফুটো বন্ধ হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে গ্যাস ট্রান্সমিশন লিমিটেড-জিটিসিএল'র পাইপলাইনের ফুটো মেরামত করা হয়েছে। ফলে সেখান থেকে অপরিশোধিত তেল পড়া এখন বন্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জে গ্যাস ট্রান্সমিশন লিমিটেড-জিটিসিএল'র পাইপলাইনের ফুটো মেরামত করা হয়েছে। ফলে সেখান থেকে অপরিশোধিত তেল পড়া এখন বন্ধ হয়েছে। বুধবার রাতে আশুগঞ্জ থেকে আসা একটি টিম দল ফুটো মেরামতের কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন জিটিসিএল এর উপ মহাব্যবস্থাপক মো. আব্দুল আহাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কী কারণে পাইপলাইন ফুটো হয়েছে এবং কী পরিমাণ তেল নষ্ট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান জিটিসিএল-এর একটি অপরিশোধিত তেলের পাইপলাইন ফুটো হয়ে যায়। সেখান থেকে অবিরাম তেল পড়ে আশপাশে ছড়িয়ে যায়। এই পাইপলাইন দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল সিলেটের কৈলাসটিলা গ্যাসফিল্ড থেকে পরিশোধণের জন্য আশুগঞ্জে পাঠানো হয়। লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নসিরুল হক শাহীন জানান, বৃহস্পতিবার সকালে চৌধুরী বাজার এলাকা পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমকর্তার নেতৃত্বে একটি দল। অপরিশোধিত তেল ছড়িয়ে পড়া ও তেলের ঝাঁঝালো গন্ধে জনস্বাস্থ্যে কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে কিনা বা পড়বে কী না তা সরেজমিনে প্রত্যক্ষ করেন তারা। গোলাপগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩২৫ ঘ.