২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় লঞ্চডুবি তদন্তে কমিটি, মামলা দায়ের, গ্রেপ্তার ২

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা তদন্তে দু'টি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

মুন্সীগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা তদন্তে দু'টি কমিটি গঠন করা হয়েছে। লঞ্চটিকে ধাক্কা দেওয়ার অভিযোগে আটক ট্যাংকারের সারেং ও সুকানিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলেও এখনো অনেক লোক ট্রলার নিয়ে তাদের স্বজনদের লাশ খুঁজছে। তবে কী সংখ্যক মানুষ এখনো নিখাঁজ তা প্রশাসন বা পুলিশ জানাতে পারেনি। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নারায়ণগঞ্জের বন্দর থানার চর মুক্তারপুরের কাছে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় 'এমএল মদিনার আলো' নামের লঞ্চটি ডুবে যায়। এটি চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলো। দুর্ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার পরিচয়ও জানা গেছে। এরা হলেন মতলব উত্তর উপজেলার লালপুর গ্রামের রিপা আক্তার (১৮), মালার কান্দির সুরুজ পাঠান (৪০), তার ছেলে সাকিল পাঠান (১১), মধ্য কালীপুরের মনোয়ারা বেগম (৪৫), কৃষ্ণপুরের ইব্রাহিম পাটোয়ারী (৪৫), বলাইরকান্দির করবুলনেছা (৬০), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম পাটয়ারী (৩৫), একই জেলার আব্দুল্লাপুরের ধ্রুবতী রানী বর্মন (২৮ ) এবং নারায়ণগঞ্জের খানপুরের মনু মিয়া। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নদীর ৪০ ফুট গভীর থেকে লঞ্চটি তোলার পর উদ্ধার কাজ শেষ হলেও স্বজনরা নদীতে ট্রলার নিয়ে লাশ খুঁজছে। পুলিশও আরো লাশ ভেসে ওঠে কিনা খোঁজ রাখছে। তিনি বলেন, এখনো কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তবে কতজন তা তিনি জানাতে পারেননি। ওসি বলেন, এই ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ লঞ্চটিকে ধাক্কা দেওয়ার অভিযোগ আটক আটক ওটি শীতলক্ষ্যার সারেং ফারুক হোসেন ও সুকানি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ পৃথক দু'টি কমিটি গঠন করেছে। বুধবার রাতে গঠিত সমুদ্র পরিবহন অধিদপ্তরের তিন সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন নিরীক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম। বৃহস্পতিবার গঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গঠিত তিন সদস্যের কমিটির প্রধান হলেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিচালক শফিকুল হক। স্বজনদের খুঁজতে আসা মতলবের বুলবুল লালপুর গ্রামের বকুল সরদার জানান, তার ভাই রোমান সরদার (২৫) ও ভাইয়ের ১ বছরের ছেলে রাহীম নিখোঁজ রয়েছে। ভাইয়ের স্ত্রী রিপার লাশ পাওয়া গেছে। বিআইডাব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া জানান, লঞ্চ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হলো। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য পৃথক দু'টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.