২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জলদস্যুর চোখ তুলে নিলো জেলেরা

ভোলার চরফ্যাশন উপজেলায় অস্ত্রসহ সাত জলদস্যুকে আটকের পর তাদের চোখ তুলে নিয়েছে স্থানীয় জেলেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় অস্ত্রসহ সাত জলদস্যুকে আটকের পর তাদের চোখ তুলে নিয়েছে স্থানীয় জেলেরা। বুধবার বেলা ১২টার দিকে চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে ওই জলদস্যুদের আটক করা হয়। দক্ষিণ আইচা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তেজিত জেলেরা সাত জলদস্যুর চোখ উপড়ে ফেলেছে। এ ছাড়া গনপিটুনিতে একজন মারা গেছেন। অন্যরা সবাই অচেতন অবস্থায় আছে। আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতের নাম জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তাদের কাছ থেকে ১টি চাইনিজ রাইফেল, ১টি পাইপগান, ৮ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড বন্দুকের গুলি ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। জলদস্যুদেরা হলেন, মোতাহার হোসেন ওরফে জামাল (৩০), রুহুল আমিন (৪০), আব্দুর রহমান (৩০), নুরুন্নবী (৩৫), মান্নান (৩৭), লোকমান (৪০)। কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসেম মহাজন জানান, ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জেলেরা ওই সাত ডাকাতকে ধরে ফেলে। তাদেরকে স্থানীয় মনুরা বাজারে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত অন্যান্য জেলে ও স্থানীয় লোকজন জলদস্যুদের চোখ উপড়ে ফেলেন। স্থানীয় জেলেরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে সাগর মোহনার চর মমতাজে মাছ ধরার ২টি ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ করা হয়। ওই ঘটনার সঙ্গে আটক জলদস্যুরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২৪১ ঘ.