ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে 'প্রাণঘাতী নয়- এমন অস্ত্র' দেওয়ার কথা বললেও এ ব্যাপারে দুই দেশকেই 'দায়িত্ব' নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা।
বুধবার রাজধানীতে গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষ্ণা বলেন, "আমরা সীমান্তের বিষয়গুলো আরো মানবিকভাবে সমাধানের চেষ্টা করবো। কিন্তু সীমান্ত ব্যবস্থাপনার বিষয়টি আসলে দুই দেশের সরকারেরই দায়িত্ব।"
সীমান্তের ভারতীয় অংশে রাতে কারফিউ জারি করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, "এটা করার ক্ষেত্রে মানবিক দিকটি আরো বেশি করে বিবেচনা করতে হবে।"
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার দুপুরে ঢাকা পৌঁছান ৭৯ বছর বয়সী এসএম কৃষ্ণা।
রাতে রাজধানীর একটি হোটেলে সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধের ক্ষেত্রে সীমান্তরক্ষীদের আরো মানবিক আচরণ করতে হবে। অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিতে হবে।
গত কিছু দিনে বাংলাদেশ-ভারত সীমান্তে হতাহতের ঘটনা অনেক কমে এসেছে দাবি করে কৃষ্ণা বলেন, "এখন এটাকে শূন্যে নামিয়ে আনতে হবে।"
ভারতীয় মন্ত্রী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা কমিয়ে আনতে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে 'নন-লেথাল উইপন' (প্রাণঘাতী নয়- এমন অস্ত্র) ব্যবহার শুরু হয়েছে।
তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যদের এ ধরনের অস্ত্র সরবরাহ করা হবে।
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে লিখিত বক্তব্যে কৃষ্ণা বলেন, "আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক একটি যুগসন্ধিক্ষণে উপস্থিত।"
"বাংলাদেশের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ দুই দেশের জন্যই জরুরি" উল্লেখ করে ভারতীয় মন্ত্রী বলেন, "আমরা চাই, এই সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী হোক।"
বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি ভারত বিবেচনা করছে জানালেও বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি অনুযায়ী তৈরি পোশাকসহ ৬১টি পণ্যের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে কি-না, তা তিনি স্পষ্ট করেননি।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সৌহার্দ্যরে বার্তা নিয়ে দিল্লি গিয়েছিলেন, ভারত তাতে যথার্থ সাড়া দিতে ব্যর্থ হওয়ায় সৃষ্ট 'হতাশার' বিষয়ে কৃষ্ণা বলেন, বাংলাদেশ বা ভারতে যে ধরনের গণতন্ত্র বিরাজমান তার বিকাশের জন্য কিছুটা সময় প্রয়োজন।
"বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই- তা অর্জনে সরকার বা জনগণের মধ্যে বিন্দুমাত্র রক্ষণশীলতা নেই," বলেন তিনি।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু এবং ২০১০ এ শেখ হাসিনার সফরের সময়ের অঙ্গীকারগুলো পূরণে ভারত সব সময়ই সচেষ্ট বলে উল্লেখ করেন তিনি।
ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তারা বঙ্গবন্ধুর সেই সফরের সময় করা চুক্তি বাস্তবায়নে যথেষ্ট আন্তরিক নয়। বিশেষ করে দুই দেশের দীর্ঘ দিনের সীমানা বিরোধের সুরাহা এখনো হয়নি।
মতবিনিময় সভায় একাধিক সম্পাদক বলেন, বর্তমান সরকারের আড়াই বছরে বিরোধী দল বহুবার অভিযোগ করেছে যে, শেখ হাসিনা দেশের স্বার্থে কোনো কিছু আদায় না করেই ভারতকে 'অনেক কিছু' দিয়ে দিয়েছেন। এই অবস্থায় ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তিগুলো চূড়ান্ত করতে খুব বেশি সময় তিনি পাচ্ছেন না।
এ বিষয়ে কৃষ্ণা বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ভারত সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী মনমোহন সিং শেখ হাসিনা সরকারের বন্ধুত্বের প্রতিদান দিতে খুবই উদগ্রীব।
এ প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতীয় এক্সিম ব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি, ওই ঋণের আয়তায় বাস্তবায়নের জন্য প্রকল্প অনুমোদন, তিন বিঘা করিডোর দিয়ে দুই বাংলাদেশি সিট মহলের মধ্যে ২৪ ঘণ্টা যোগাযোগের সুবিধা, রেলের উন্নয়ন এবং নিরাপত্তা ইস্যুতে 'ঘনিষ্ঠ' সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
কৃষ্ণা বলেন, "বিদ্যুৎ খাতের উন্নয়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে, যা এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের খাত।"
এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে বহুপ্রতীক্ষিত চুক্তিটি 'প্রায় চূড়ান্ত' হয়ে গেছে।
মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রীর ডান দিকে বসা ভারতীয় হাই কমিশনার রাজিত মিত্র এ বিষয়ে বলেন, ২০ বছরের জন্য এই চুক্তি করার আগে আইনি ও কৌশলগত অনেকগুলো বিষয় পর্যালোচনা করা প্রয়োজন।
দুই দেশের গ্রিড লাইনে সংযোগের বিষয়টি মোটামুটি চূড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, ২০১২ সালের শেষ নাগাদ বা ২০১৩ সালের শুরুতেই এটি বাস্তবায়িত হবে।
অন্যদের মধ্যে ইন্ডিপেন্ডেন্টের মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠের সাবেক সম্পাদক আবেদ খান, ফিনানশিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তৌফিক ইমরোজ খালিদী, সানের সৈয়দ আনোয়ার হোসেন, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, ভোরের কাগজের শ্যামল দত্ত, সংবাদের আলতামাস কবির, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর ও চ্যানেল আইয়ের হেড অব নিউজ শাইখ সিরাজ এই মতবিনিময় সভায় অংশ নেন।
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তির অগ্রগতি পর্যালোচনাই কৃষ্ণার এই সফরের মূল লক্ষ্য।
তিন দিনের এই সফরে তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করার কথা রয়েছে তার।
এছাড়া ভারত সরকারের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের উদ্বোধন এবং সেখানে এক সেমিনারে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইআর/এএইচ/জেকে/০০৪৬ ঘ.
bdnews24