চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্ত্বরে কোতোয়ালী থানা আওয়ামী লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্র নতুন প্রজন্মকে মেধাশূন্য ও বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর নিউ মার্কেট মোড়, নতুন রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন ও স্টেশন রোড প্রদক্ষিণ শেষে দারুল ফজল মার্কেট চত্ত্বরে এসে শেষ হয়।
এছাড়া নগরীর কয়েকটি ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা কয়েকটি ছোট সমাবেশ করে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন ও সাংসদ নুরুল ইসলামের অনুসারীরা দুপুরে বহদ্দারহাট মোড়ে আলাদা হরতালবিরোধী সমাবেশ করে।
চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। সমাবেশ শেষে একটি হরতালবিরোধী মিছিলও করে তারা।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর আওয়ামী লীগের উদ্যোগে আর একটি হরতালবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৩৩ ঘ.
bdnews24