২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ৮ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

মুন্সীগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় চর মুক্তারপুরের কাছে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় এম ভি আল-মদিনা নামের লঞ্চটি ডুবে যায়। চাঁদপুরের মতলব থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল লঞ্চটি। উদ্ধারকারী জাহাজ রুস্তমের ক্রেন দিয়ে টেনে রাত দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি তীরের কাছাকাছি নিয়ে আসা হয়। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া রাত সোয়া ২টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, মতলবের বুলবুল লালপুর গ্রামের রিপা (১৮), গজারিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম পাটয়ারী (৩৫), মতলবের মালার কান্দি গ্রামের সুরজ মিয়া (৪০) ও তার ছেলে শাকিল (১১), মতলবের কালীপুরা গ্রামের মনোয়ারা (৪৫), মুন্সীগঞ্জের আব্দুল্লাপুরের দূর্বতী রানী বর্মন (২৮ )। এদের মধ্যে মনোয়ারাকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। তিনি বলেন, "সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিরীক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।" ঘটনার প্রত্যক্ষদর্শী সিরাজুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এ সময় লঞ্চের আরোহীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই লঞ্চের সঙ্গেই ডুবে যান। লঞ্চটিতে প্রায় দুশতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম। লঞ্চে থাকা দূর্বতী রানী বর্মনের দুই ভাই নরেশ ও ভোলানাথ জানান, মাত্র ২০ দিন আগে দূর্বতীর বিয়ে হয় মতলবের শ্রীরায়ের চরের সুনীল চন্দ্র বর্মনের সঙ্গে। বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে দুই ভাই কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের খুঁজতে আসা মতলবের বুলবুল লালপুর গ্রামের বকুল সরদার জানান, তার ভাই রোমান সরদার (২৫) ও ভাইয়ের এক বছরের ছেলে রাহীম নিখোঁজ রয়েছে। ভাইয়ের বৌ রিপার লাশ পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসও বিআইডব্লিউটিএর কর্মীরা। পরে উদ্ধারকারী জাহাজ এই অভিযানে যোগ দেয়। অভিযানে অংশ নেন কোস্ট গার্ডের সদস্যরাও। বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের মোট ১০ জন ডুবুরি এই উদ্ধার তৎপরতায় অংশ নেয় বলে ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মনির হোসেন জানান। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ জানান, লঞ্চটি যেখানে ডুবেছিলো সেখান থেকে স্রোতের টানে দুইশ' গজ দূরে সরে যায়। মেট্রো সিমেন্ট ফ্যাক্টরির কাছে ৪০ ফুট পানির নিচে লঞ্চটিকে সনাক্ত করার পর রুস্তমের ক্রেন দিয়ে টেনে সেটিকে পানিতে ভাসানোর চেষ্টা চলে। স্রোতে আরো লাশ ভেসে গিয়ে থাকতে পারে বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের উপ পরিচালক শেখ মিজানুর রহমান জানান, রাত দেড়টার পর লঞ্চটিকে তীরের কাছাকাছি নিয়ে আসা হয়। তল্লাশিতে লঞ্চের ভেতরে আর কোনো লাশ পাওয়া না গেলে সোয়া ২টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এএইচ/পিডি/জেকে/০২৫৬ ঘ.