ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোয়ারি ঘাটে বুড়িগঙ্গায় গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহরা হলো- কেয়া (১০) ও রিয়া (৮)। তারা চকবাজার ২২ কেএম আজম লেন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের বাসার সমবয়সী এক শিশুকে নিয়ে কেয়া ও রিয়া বুড়িগঙ্গায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তলিয়ে যায় তারা। এ সময় তীরে দাঁড়িয়ে থাকা ওই শিশু চিৎকার করতে থাকলে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মামা মো. আসলাম জানান, কেয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী এবং রিয়া অন্য একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়তো।
চকবাজার থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এএল/২০১৮ ঘ.
bdnews24