ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার ৮ দিন পর কেরানীগঞ্জের মনহরদি গ্রামের একটি বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার করা হলো আটি বাজারের নিখোঁজ যুবক নাজিরের লাশ।
পুলিশ বলছে, জমি কেনা নিয়ে বিরোধের জের ধরে নাজিরকে খুন করেন মনহরদি গ্রামের ওই বাড়ির মালিক মো. অলি।
বুধবার সকালে অলির ঘরের মেঝে খুঁড়ে প্রায় ৬ ফুট গভীরে মো. নাজিরের (৩৬) মৃতদেহ পাওয়া যায়। তার বাবার নাম মীর জাহান। বাড়ি আটি বাজারের ইউসুফ পল্লীতে।
নাজিরের চাচা আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি কেনা নিয়ে বেশ কিছুদিন আগে এক শালিস বৈঠকে অলিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য চড় মারেন। ওই ঘটনার জন্য নাজিরকে দায়ী করে দেখে নেওয়ার হুমকি দেন অলি।
২৮ জুন অলি মোবাইল ফোনে নাজিরকে তার বাসায় ডেকে নেন বলে দাবি করেন আক্তার হোসেন। এরপর থেকেই নাজির নিখোঁজ ছিলেন।
এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওই থানার ওসি আসাদুজ্জামান বলেন, "জিডির সূত্র ধরে অলির স্ত্রী রাজিয়া বেগম এবং দিদার ও শহীদ নামের দুইজনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অলির ঘরের মেঝে প্রায় ৬ ফুট খুঁড়ে নাজিরের লাশ পাওয়া যায়।"
অলিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
গ্রেপ্তারকৃতদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, নাজিরকে বাসায় ডেকে মদ পান করানো হয়েছিলো। মদের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো থাকায় অচেতন হয়ে পড়লে লাঠি দিয়ে মাথায় আঘাত করে নাজিরকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/জেকে/২০০২ ঘ.
bdnews24