চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে দুটি নির্বাচনী সহিংসতার ঘটনায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশ পুকুরিয়া ও খানখানাবাদ এলাকায় অভিযান চালিয়ে পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসেনসহ বাকিদের গ্রেপ্তার করে।
এদের মধ্যে পুকুরিয়া এলাকা থেকে ১৬ জন এবং খানখানাবাদ থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি আবদুল মালেক।
মঙ্গলবার সন্ধ্যায় পুকুরিয়া ইউনিয়নের পূর্ব পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাটমুরা হাই স্কুল কেন্দ্রে পরাজিত ও জয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
এ ছাড়া প্রায় একই সময়ে খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রাইছড়া কমিউনিটি সেন্টার প্রাথমিক বিদ্যালয়ে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধদের ইটের আঘাতে আহত হন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।
ওসি মালেক জানান, পুকুরিয়া ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) কায়সার এবং খানখানাবাদ ইউনিয়নের ঘটনায় এসআই গাফফার বাদি হয়ে দুটি মামলা করেছেন। এসব মামলায় ২৬শ' জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই দুই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এএল/পিডি/১৮২৪ ঘ.
bdnews24