ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রী হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজের কাছে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস দিয়েছেন এক যাত্রী।
এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্র সচিব ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে হয়রানিকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নাজেহাল হওয়া যাত্রী তানজিন বৃষ্টি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদের মাধ্যমে মঙ্গলবার এই লিগ্যাল নোটিস দেন।
মনজিল মোরসেদ জানান, এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। ২০০৩ সালের জুলাইয়ে এ এয়ারওয়েজ প্রতিষ্ঠিত হয়। ইতিহাদ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে ওই বছরের নভেম্বরে।
মনজিল মোরসেদ জানান, গত ২৮ জুন বৃষ্টি তার মাকে নিয়ে ইতিহাদের একটি ফ্লাইটে ঢাকা-দুবাই ও দুবাই-টরোন্টোর বোর্ডিং পাস ইস্যু করেন। আবু ধাবি থেকে তারা টরেন্টোর উদ্দেশ্যে বিমানে ওঠার আনুষ্ঠানিকতা শেষ করতে গেলে ইতিহাদ এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের বিমানে উঠতে দেয়নি।
"এ সময় তাদের একটি কক্ষে আটকে রেখে অসৌজন্যমূলক আচরণ করে এয়ারলাইন্সের কর্মকর্তারা। প্রায় ১৪ ঘণ্টা পর তাদের বাংলাদেশে ফেরত আসতে বাধ্য করা হয়।"
তানজিন বৃষ্টি (কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন কাউন্টারে ওখানকার এক ব্যক্তি আমার বোর্ডিং পাসে স্টাম্প দিলেও আমার মায়ের পাসপোর্টে স্টাম্প দিতে ভুলে যায়। যা আমাদের কেউই খেয়াল করিনি।
"ওই অবস্থায় দুটি দীর্ঘ লাইন অতিক্রমের পর এয়ারক্রাফ্টের গেটে পৌঁছালে সেখানকার এক ব্যক্তি বোর্ডিং পাসে স্টাম্প লাগাতে মাকে বলে। তখন আমি বলি, এটা তোমাদের ভুল। তাই তোমাদেরই এটা করে দেওয়া উচিত। পরে বোর্ডিং পাসে স্টাম্প লাগাতে যাওয়ার পর সেখানে তাদের নানামুখী নাজেহালে আমরা ফ্লাইটটি মিস করি।"
এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান বৃষ্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৪২ ঘ.
bdnews24