ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনসার ও ভিডিপি অধিদপ্তরের জন্য চারটি নতুন ব্যাটালিয়ন গঠন ও এসব ব্যাটালিয়নের জন্য বিভিন্ন স্তরে এক হাজার ৬৬৪টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখার এক সভায় মঙ্গলবার এ ব্যাটালিয়ন গঠন ও নতুন পদ সৃষ্টির সুপারিশ করা হয়। শাখার যুগ্ম সচিব লুৎফুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপারিশকৃত নতুন ব্যাটালিয়নগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহীলপুর, রাজশাহী জেলার নওহাটা এবং মানিকগঞ্জ ও পাবনা।
নতুন এসব ব্যাটালিয়নের জন্য বিভিন্ন স্তরের এক হাজার ৬৬৪টি পদ অস্থায়ীভাবে সৃষ্টি ও বিভিন্ন ধরনের ১২টি যানবাহন দেওয়ারও সুপারিশ করা হয় ওই সভায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সেলিনা হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জ্যোতিলাল কুরী এবং আনসার ও ভিডিপি'র পরিচালক মোহাম্মদ খালেদ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮০০ ঘ.
bdnews24