২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণার সফরেই 'কয়েকটি' চুক্তি

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা জানিয়েছেন,তার আসন্ন ঢাকা সফরেই দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 08:16 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

নয়া দিল্লি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা জানিয়েছেন,তার আসন্ন ঢাকা সফরেই দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হবে। ৬ জুলাই থেকে এই সফরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন কৃষ্ণা। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও তার বসার কথা রয়েছে। কৃষ্ণার সফরসূচিতে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ভারত সরকারের সহায়তায় গঠিত বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের উদ্বোধন করবেন এবং একটি সেমিনারে বক্তব্য দেবেন। এছাড়া তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু যাদুঘর ঘুরে দেখবেন। কৃষ্ণা সোমবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবেই ঢাকা আসছেন তিনি। এমন একটি সময়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন যখন, বাংলাদেশ নিয়ে মনমোহনের একটি মন্তব্যে দুদেশেই বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২৯ জুন নয়া দিল্লিতে কয়েকটি পত্রিকার সম্পাদকের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।" এ বিতর্ককে পাশ কাটিয়ে দুদেশের সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়ে কৃষ্ণা বলেন, "আমি দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রেই অগ্রগতি পর্যালোচনা করতে চাই। আমরা কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করতে যাচ্ছি।" তবে কোন কোন বিষয়ে চুক্তি হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। বাংলাদেশ নিয়ে মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। দৃশ্যত বিতর্কের ইতি টানতেই ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রধানমন্ত্রীকে টেলিফোন করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সোমবার রাতে সাংবাদিকদের বলেন, "৬ ও ৭ সেপ্টেম্বর সস্ত্রীক বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর হবে ঐতিহাসিক। সব দিক বিবেচনায় দুই দেশের জনগণের প্রত্যাশাই পূরণ হবে।" দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন মনমোহন। কৃষ্ণা সোমবার সাংবাদিকদের বলেন, "ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত। গত কয়েক বছরে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক আরো গভীর ও পরিণত হয়েছে।" তিনি বলেন, ২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় দুই প্রধানমন্ত্রী যে যৌথ ঘোষণা দিয়েছিলেন- তার বাস্তবায়নে দুই পক্ষই কাজ করে যাচ্ছে। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টন, সীমানা নির্ধারণ, ভারত থেকে বাংলাদেশে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ, তিন বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের নাগরিকদের ২৪ ঘণ্টা প্রবেশ সুবিধা, দহগ্রাম ও আঙ্গোরপোতা ছিটমহলে বিদ্যুৎ সরবরাহসহ অনেকগুলো বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন কৃষ্ণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০১৫৯ ঘ.