ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে উন্নত চিকিৎসার জন্য কানাডায় নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত ২টার একটি ফ্লাইটে রুমানা কানাডার উদ্দেশে রওয়ানা হবেন।"
ওই বিভাগের শিক্ষক রুমানা গত ৫ জুন তার স্বামী হাসান সাইদের নির্যাতনে মারত্মক জখম হন। ভারতের দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ২০ জুন দেশে ফেরেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রুমানার দুটি চোখই নষ্ট হয়ে গেছে।
কানাডার ভ্যাঙ্কুভারে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছিলেন রুমানা। গত মে মাসে তিনি দেশে ফেরেন। অক্টোবরে তার থিসিস জমা দেওয়ার কথা রয়েছে।
অধ্যাপক দেলোয়ার বলেন, "রুমানার চিকিৎসা সনদ কানাডায় পাঠানো হয়েছিলো। সেখানকার চিকিৎসকরা তাকে কানাডা পাঠানোর পরামর্শ দিয়েছেন।"
রুমানাকে হত্যার চেষ্টার অভিযোগে হাসান সাইদের বিরুদ্ধে একটি মামলা করেছে তার পরিবার। ওই মামলায় গ্রেপ্তার সাইদ বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২২১৫ ঘ.
bdnews24