ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আট দফা দাবিতে ৫ জুলাই মঙ্গলবার দেশের উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে এবং ২৫ জুলাই কেন্দ্রীয়ভাবে মৎস্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট ও অনশনের ডাক দিয়েছে।
সমিতির পক্ষ থেকে সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার সমিতির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জেলেদের তালিকা প্রণয়ন ও জেলেদের জন্য দেওয়া সহায়তা কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরে আনোয়ার সিকদার বলেন, জেলেদের জন্য ২০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও জেলেরা পায় ১৫ কেজি চাল। জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানে সরবরাহ করা পশুর মূল্য ১৫ হাজার ধরা হলেও দেওয়া হয় ৮ থেকে ৯ হাজার টাকার পশু।
দলীয়কর্মীদের এসব প্রাণী এবং সহায়তা সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়ায় এ নিয়ে কেউ কথা বলতে পারেন না বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের পক্ষ থেকে জাটকা ও ইলিশ জেলেদের খাদ্য সহায়তা বাড়িয়ে মাসিক ৪৫ কেজি চাল ও নগদ সহায়তা ৫০০ টাকা দেওয়া এবং এ কার্যক্রমকে ১০০ দিনের খাদ্য সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা, ইউনিয়ন পর্যায়ের কমিটি ভেঙে ১১ সদস্যের পরিবর্তে সাত সদস্যের করা এবং জবরদখল হয়ে যাওয়া প্রায় ৩৫০টি জলমহাল উদ্ধার করে জেলেদের মধ্যে বিতরণের দাবি জানানো হয়।
এছাড়া জাতীয় বাজেটে জেলেদের পুনর্বাসনে বিশেষ বরাদ্দ রাখারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংগঠনের সহ-সভাপতি শাজাহান কবির জহির, সদস্য আমিনুল ইসলাম ও আবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫০০ ঘ.
bdnews24