২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগ কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২০

নবীনবরণ নিয়ে নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 06:39 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

নোয়াখালী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবীনবরণ নিয়ে নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হলেও পরে তা সেনবাগ বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগকর্মীরা উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর করে। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তিনদিনের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করে। সংঘর্ষে আহতদের মধ্যে নয়জনকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একাদশ শ্রেণীর নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠানের জন্য কর্মসূচি ঠিক করতে শুক্রবার সন্ধ্যায় সেনবাগ থানার ওসির সঙ্গে একটি বৈঠক করে ছাত্রলীগ ও ছাত্রদল। বৈঠকে ঠিক হয় দুপুর ১২টা পর্যন্ত ছাত্রলীগ ও পরে ছাত্রদল কলেজে তাদের কর্মসূচি পালন করবে। সকালে ছাত্রলীগ নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর সংগঠনটির নেতারা নবাগতদের সঙ্গে মতবিনিময় করেন। কিন্তু ১২টা বাজার পরও ছাত্রলীগের কর্মসূচি শেষ না হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল শুরু করে। মিছিল থেকে কয়েকজন নেতাকর্মী গিয়ে ছাত্রলীগ নেতা তুহিনকে মারধর করলে দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় একদল ছাত্র অধ্যক্ষের কক্ষ ও ছাত্রদের কমনরুমের জানালার কাচ ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে সেনবাগ বাজারে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সেনবাগ পূর্ববাজারে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় আবার সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান ছালাহ উদ্দিন লিটনসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ শেষে ছাত্রলীগকর্মীরা মিছিলসহ সেনবাগ দক্ষিণ বাজারে গিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর চালায়। আহতদের মধ্যে মিঠু (২০) ও শুক্কুরকে (২৬) নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন (৩০), জহিরুল ইসলাম (১৭), সিরাজ (২৮), আরিফ (২২), তুরাজ (১৮) ও কলেজের পিয়ন রেবেকা সুলতানাকে (৪০) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা ছাত্রদল সভাপতি সাহাব উদ্দিন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত সময়ের অনেক পরও ছাত্রলীগ তাদের কর্মসূচি অব্যাহত রাখে। কিন্তু ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করলেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাতে বাধা দেয়। তবে তিনি বাজারে ছাত্রলীগের মিছিলে হামলার কথা অস্বীকার করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু জানান, ছাত্রদল পরিকল্পিতভাবে কলেজ ও বাজারে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা করেছে। সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওসির সঙ্গে কথামতো পূর্ব নির্ধারিত সময়ে ছাত্রলীগ কর্মসূচি শেষ করলে হয়তো ঝামেলা এড়ানো সম্ভব হতো।" অধ্যক্ষ আব্দুল জলিল ভাংচুরের কথা স্বীকার করে বলেন, ছাত্রলীগ ছাত্রদল কেউই আগে তাদের কর্মসূচির বিষয়ে জানায়নি। শিক্ষক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনদিন ক্লাস বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.