বরিশাল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদকের উপাদান পাওয়ায় চাঁদপুরে একটি কারখানা থেকে ২০ হাজার বোতল পানীয় জব্দ করেছে র্যাব।
এ সময় কারখানা মালিক ও ব্যবস্থাপকসহ তিনজনকে আটক ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
শনিবার 'এশিয়া এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ' নামের একটি কারখানায় 'হর্স ফিলিংস' নামের এই পানীয় পাওয়া যায়।
এশিয়া এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ চাঁদপুর শহরের বাবুরহাটের বিসিক শিল্পনগরীতে অবস্থিত।
বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে র্যাব-৪ এর একটি দল চাঁদপুরে অবস্থানরত র্যাব-১১ এর সদস্যদের নিয়ে এই অভিযান চালায়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলন- কারখানার মালিক শাহেদ হোসেন পাটওয়ারী (৩২), তার ছোট ভাই মাহবুব হোসেন পাটওয়ারী (২৯) ও ব্যবস্থাপক ইমরান হোসেন (২৮)।
শাহেদকে ঢাকার মহাখালীতে নিজ অফিস এবং অন্যদের চাঁদপুরে কারখানা থেকে আটক করা হয়।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা সাংবাদিকদের জানান, বেশকিছু পানীয়ের মধ্যে মাদকের উপাদান পাওয়ায় র্যাব বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
এর অংশ হিসেবে চাঁদপুরের এই কারখানা থেকে ২০ হাজার বোতল পানীয় জব্দ ও তিনজনকে আটক করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
আনোয়ার পাশা আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে 'হর্স ফিলিংস'-এ 'অপিয়েট' নামের মাদকের উপাদান পাওয়া গেছে।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কাশেম সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24