ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে রোববার ঢাকায় আধাবেলা হরতালের পাশাপাশি সারাদেশে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তেল-গ্যাস কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ এই ঘোষণা দেন।
তিনি জানান, রোববার (৩ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা সারাদেশে কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গত ১৬ জুন যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার। এর প্রতিবাদে ঢাকায় অধা বেলা হরতাল ডাকার পাশাপাশি ২০ জুন থেকে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
শুক্রবারের সমাবেশে আনু মুহম্মদ বলেন, "এই হরতালের জন্য আমরা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমর্থন পেয়েছি। দেশের মানুষ প্রয়োজনে বুকে লিখে রাস্তায় দাঁড়িয়ে গণরায় প্রকাশ করবে।"
রোববারের হরতালকে জনগণের বর্তমান ও ভবিষ্যত রক্ষার হরতাল বলে উল্লেখ করেন তিনি।
একই দিনে ইসলামী আন্দোলন পূর্ণদিবস হরতালের ঘোষণাকে 'ষড়যন্ত্রমূলক' আখ্যায়িত করে তেল-গ্যাস কমিটির সদস্য সচিব বলেন, "হরতালের ঘোষণা আমরা আনেক আগেই দিয়ে রেখেছিলাম। তাদের ওই কর্মসূচিকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে আমরা মনে করি। মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিদেশি কোম্পানির পক্ষে, সরকারের পক্ষে তারা হরতাল ডেকেছে।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ রোবাবর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংশোধনী পাসের পর এই হরতাল ডাকা হয়।
তেল-গ্যাস কমিটির সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ব^য়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২১১৮ ঘ.
bdnews24