ঢাকা, জুন ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- দশ দিনের মধ্যে চাকরি স্থায়ী না করলে ১২ জুলাই থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কন্টিজেন্সি (চুক্তিভিত্তিক) ঐক্য পরিষদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিষদের নোতার এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ১৯৮৫ সাল থেকে ৯১ সাল পর্যন্ত দৈনিক হাজিরা, মাস্টাররোলে কন্টিজেন্সি খাতে শূন্য পদে নিয়োগ দিয়ে আসছে। বিভিন্ন সময় কন্টিজেন্সি খাতে নিয়োগপ্রাপ্তদের আত্মীকরণ করা হলেও ২০০১ সালের পর থেকে তা বন্ধ রয়েছে।
বক্তারা বলেন, পাউবোর ১ হাজার ২৭৭ জন কর্মচারী ১৬ থেকে ২৫ বছর চাকরি করেও স্থায়ী হতে পারেননি। ৩০ জুন অনেকের চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের উপদেষ্টা মোর্শেদ বিন মাসুদ ঘোষণা দেন, ১১ জুলাইয়ের মধ্যে এই কর্মচারীদের আত্মীকরণ না হলে ১২ জুলাই থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।
অন্যদের মধ্যে পরিষদের সদস্য নূরুল আলম, জালাল উদ্দিন, হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/জেকে/১৮৫৪ ঘ.
bdnews24