মাদারীপুর, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে সমাদ্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে অন্য একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
এ সময় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে মামুন হাওলাদার (২৫), রুবেল মিয়া (২৬), শহিদুল ইসলাম (২৪) নামে তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫৫৫ ঘ.
bdnews24