ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে পুরানো সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০ বছর বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে।
১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়।
'জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা' প্রতিপাদ্য নিয়ে শুক্রবার দিনব্যাপী কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে জাতীয় পতাকা, ঢাবি ও হলগুলোর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। পরে প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হয়। উড়ানো হয় ৯টি পায়রা।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মল চত্বর থেকে টিএসসি চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রাটি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই শোভাযাত্রায় যোগ দেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবের মূল প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।
তিনি বলেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা হ্যান্ডআউট ভিত্তিক। এতে শিক্ষার্থীরা খুব কমই পাঠ্য বই পড়ার সুযোগ পায়। অন্যদিকে সরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ও রেফারেন্স বইয়ের আলোকে পড়ানো হয়। যে রেফারেন্স বইগুলো নির্দিষ্ট বিষয়ের জন্য সর্বোৎকৃষ্ট মানের।
উচ্চশিক্ষার মান উন্নয়নের পরামর্শ হিসেবে অধ্যাপক আজাদ চৌধুরী বলেন, সরকার দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে উচ্চতর পড়াশোনায় সহায়তা করতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন এবং টিউশন ফি মধ্যবিত্তের সক্ষমতার মধ্যে রাখারও উদ্যোগ নিতে পারে।
আলোচনা সভার উদ্বোধন করে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আজকের এই দিনে দেশের সাধারণ মানুষ সবার আগে স্মরণযোগ্য। কারণ, তাদের শ্রম-ঘামে অর্জিত অর্থে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের এ পর্যায়ে আসার পেছনে তাদের অবদানকে অভিনন্দন জানাই।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া দুপুর দেড়টায় বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রদর্শনী, দুপুর আড়াইটায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক অনুষ্ঠান, বিকাল ৩টায় সব বিভাগ ও অনুষদে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল পৌনে ৪টায় টিএসসি মিলনায়তনে গ্র্যান্ডমাস্টার্স র্যাপিড দাবা প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল এবং বিকাল ৫টায় প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।
সংগীত বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিকাল ৫টায় টিএসসি মিলনায়তনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক পরিবেশিত হবে। মল চত্ত্বরে সন্ধ্যা ৭টায় ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়েছে।
এছাড়া টিএসসিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত পান্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ কেএমএস/১৫২০ ঘ.
bdnews24