ইতি তত্ত্বাবধায়ক
যে আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যোগ হয়েছিল, ১৫ বছর পর সেই আওয়ামী লীগের অধীনেই সংবিধান থেকে ওই ব্যবস্থার বিলোপ হলো।
১৯৯০ সালের শেষ দিকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মুখে এইচ এম এরশাদ সরকারের পতন ঘটে। তখনকার প্রধান দুই বিরোধী দল বিএনপি ও আওয়ামী লীগসহ সব দলের ঐকমত্যের ভিত্তিতে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন।
সেই সময় সংবিধানে এ ধরনের সরকার গঠনের বিধান না থাকলেও শাহাবুদ্দিনের নেতৃত্বে ১৭ উপদেষ্টার ওই সরকারকেই দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিবেচনা করা হয়। ওই সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। আর দায়িত্ব নেওয়ার শর্ত অনুযায়ী আবার বিচার বিভাগের চাকরিতে ফিরে যান শাহাবুদ্দিন আহমেদ।
তত্ত্বাবধায়ক ব্যবস্থার ধারণা কে প্রথম আলোচনায় এনেছে তা নিয়ে বিভিন্ন ধরনের দাবি থাকলেও ১৯৯১ ও ১৯৯৩ সালে তখনকার বিরোধী দলের কাছ থেকে এ সরকারের তিন ধরনের রূপরেখা পাওয়া যায়। সেগুলো সংসদেও ওঠে। কিন্তু বিএনপি সরকারের অনাগ্রহে সংসদের আলোচ্যসূচিতে স্থান হয়নি সেগুলোর।
এই পরিস্থিতিতে ১৯৯৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলের ১৪৭ জন সদস্য একযোগে পদত্যাগ করেন সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য। আন্দোলনের মুখে পঞ্চম জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারো সরকার গঠন করে বিএনপি।
স্বল্পমেয়াদী ওই সরকারের সময়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংসদের একটি মাত্র অধিবেশন বসে। ১৯৯৬ এর ২৪ মার্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল আকারে সংসদে ওঠে এবং ২৫ মার্চ রাতভর অধিবেশন চলার পর ২৬ মার্চ ভোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ হয়।
এই পদ্ধতি অনুযায়ী প্রধান উপদেষ্টার নেতৃত্বে ১০ উপদেষ্টার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তিন মাস রাষ্ট্রের 'রুটিন' কাজগুলো চালিয়ে নেবে এবং এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আয়োজন করবে।
এই পদ্ধতি অনুসরণ করেই ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথমটিতে আওয়ামী লীগ, দ্বিতীয়টিতে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট এবং ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচিত হয়।
চলতি বছর সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। তবে আদালতের আদেশে বলা হয়, রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আরো দুই মেয়াদে এই ব্যবস্থায় নির্বাচন হতে পারে।
কিন্তু শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার তার চলতি মেয়াদেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের উদ্যোগ নেন। যদিও প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী এর বিরোধিতা করে আসছে।
এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "ওই পদ্ধতিতে ত্র"টি ছিল। আদালতও এ ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে। এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার আর সুযোগ নেই।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫৫টি সংশোধনীসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়।
