নারায়ণগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শিশু জিহাদকে অপহরণের পর শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে তাদেরকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শুনানিকালে আসামিদের মধ্যে চারজন এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করে। অপর দু'জন ছিলো নিরব।
এই ৬ জন হলো মো. সাদেক, স্বপন মিয়া, মো. ইব্রাহিম ওরফে ভুলু, তার ছেলে শাকিল, লাকি আক্তার ও সালাম।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে চার বছরের শিশু জিহাদকে কাঁচপুর সেতুর উপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারকৃত এক আসামি ওয়াসিম বুধবার আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ায় তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়নি।
বৃহস্পতিবার জিহাদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনের আহাজারি। জিহাদকে হারিয়ে মা মাসুমা আক্তার পাগল প্রায়। বাবা সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের দু'চোখ গড়িয়ে পানি পড়ছে।
ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা আবু সোলায়মান ও সবুর আহম্মেদ জানান, জিহাদ দেখতে ছিল ফুটফুটে। বাড়ির পাশে তাকে খেলা করতে দেখেছি। নৃশংসভাবে তাকে হত্যা করা হবে তা কোনদিন ভাবতে পারিনি। আমরা খুনীদের ফাঁসি দাবি করছি।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জে জিহাদকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে মোবাইল ফোনে তার মায়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মা বিষয়টি র্যাবকে জানান। মঙ্গলবার সকালে মুক্তিপণের টাকা নিতে এলে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, জিহাদ তাদের চিনে ফেলায় ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় সোমবার সন্ধ্যায় তাকে কাঁচপুর সেতুর উপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। বুধবার সকালে সোনারগাঁওয়ের কুতুবপুর এলাকায় নদী থেকে জিহাদের লাশ উদ্ধার করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৩ ঘ.
bdnews24