২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অন্তবর্তীকালীন' ৯০ দিনে জাতীয় নির্বাচন

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে বাহাত্তরের সংবিধানের অনুসরণে সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে জাতীয় নির্বাচনের বিধান করা হয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে বাহাত্তরের সংবিধানের অনুসরণে সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে জাতীয় নির্বাচনের বিধান করা হয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধনে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদে দফা ৩-এ বলা হয়েছে- মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে তার আগের ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। এর ফলে, বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে দশম সংসদ নির্বাচন। ওই ৯০ দিনে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা শিথিল করে একটি উপ দফা যুক্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। ওই নব্বই দিনে সংসদ ভেঙে দেওয়া না হলেও অধিবেশন বসবে না। এসব বিষয় যোগ করে বৃহস্পতিবার পঞ্চদশ (সংবিধান সংশোধন) আইন, ২০১১ পাশ করেছে জাতীয় সংসদ। সরকারের পক্ষ থেকে ওই ৯০ দিন সময়কে 'অন্তবর্তীকালীন' বলে উল্লেখ করা হলেও সংশোধিত সংবিধানে এ শব্দটি ব্যবহার করা হয়নি। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, নির্বাচিত সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ওই সরকার হয়ে যাবে 'অন্তবর্তীকালীন সরকার'। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 'অন্তবর্তীকালীন সরকারের' সময় নির্বাচন কমিশন সংবিধানের ১১৮ অনুচ্ছেদ থেকে ১২৬ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। নির্বাচন কমিশন প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে সহায়তা চাইবে। সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিতের বক্তব্য অনুযায়ী, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ওই ৯০ দিনে প্রয়োজনীয় সব ক্ষমতা ভোগ করবে নির্বাচন কমিশন। আর 'অন্তবর্তী সরকার' শুধু রুটিন কাজ করে যাবে। বাহাত্তরের সংবিধানেও একই বিধান থাকলেও পরবর্তী কোনো সরকার তা কার্যকর করতে পারেনি। ১৯৯৬ সালের ফেব্র"য়ারি মাসে তখনকার বিএনপি সরকারের সামনে এ সুযোগ এসেছিল। ওই সময় সংসদ ভাঙার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হলেও প্রধান দলগুলো তা বর্জন করায় তা গ্রহণযোগ্যতা পায়নি। ওই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করে। ফলে বাহাত্তরের সংবিধানের ওই বিধানটি কার্যকর করার সুযোগ আর হয়নি। শক্তিশালী নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে সংশোধিত সংবিধানে। একই সঙ্গে নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ না দিয়ে কোনো আদেশ না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত সংবিধানের অনুচ্ছেদ ১২৫ এ (গ) দফায় বলা হয়েছে, 'কোনো আদালত নির্বাচানের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ, কোনো নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তবর্তী বা কোনো রূপে আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।' একইসঙ্গে অনুচ্ছেদ ১১৮-এ বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারসহ অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। বাহাত্তরের সংবিধান প্রণয়নের পর এই প্রথম এ ধরনের বিধান যুক্ত করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/২২০৫ ঘ.