চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ভারী বর্ষণে বন্দর নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বন্দরে পণ্য ওঠানামা।
পতেঙ্গা আবাহাওয়া অফিসের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে ভারী বর্ষণে নগরীর বৌবাজার, চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, আগ্রাবাদ, মোগলটুলী, পাঠানটুলী, চকবাজার, মুরাদপুর, মোহাম্মদপুর, ষোলশহর, কাতালগঞ্জ, ডেবারপাড়, জাকির হোসেন সড়ক, শুলকবহর, বাকলিয়ার কিছু অংশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
আগ্রাবাদ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাফর আহমেদ জানান, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সকাল থেকে হাঁটু পানি। পানি ডিঙ্গিয়ে তাকে অফিসে আসতে হয়েছে।
নগরীর প্রধান পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. আজিজ জানান, সকাল থেকে এখানকার সবগুলো সড়কেই পানি। জলাবদ্ধতার কারণে ক্রেতাও নেই।
ভারী বর্ষণে পণ্য ওঠানামার কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২১৫৮ ঘ.
bdnews24