চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানাধীন শাহ মীরপুর এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর সহায়তায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে শাহ মীরপুরের সন্দ্বীপ পাড়ার জানে আলম সওদাগরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ছোড়া ছররা গুলিতে ওই পরিবারের দুই সদস্য আহত হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য বেলাল (২৪) মহেশখালীর বাসিন্দা।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গোফরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল জানে আলম সওদাগরের বাড়িতে হামলা চালায়। এ সময় ডাকাতরা নগদ ৬০ হাজার টাকা, দুই থেকে তিন ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
ওই বাড়ির বাসিন্দারা খবর দিলে পুলিশ ও এলাকাবাসী এগিয়ে এসে এক ডাকাতকে ধরে ফেলে। এ সময় অন্য ডাকাতরা ছররা গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিতে আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই জানান, জানে আলম সওদাগর বাড়িতে তাদের ১১ ভাইয়ের পরিবার বসবাস করে। এদের মধ্যে ছয় ভাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৪৩২ ঘ.
bdnews24