২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিরাপত্তা জোরদার

পঞ্চদশ সংবিধান সংশোধন বিল নিয়ে জাতীয় সংসদে বৃহস্পতিবার আলোচনা শুরু হওয়ার পর রাজধানীতে কঠোর নিরাপত্তা নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধন বিল নিয়ে জাতীয় সংসদে বৃহস্পতিবার আলোচনা শুরু হওয়ার পর রাজধানীতে কঠোর নিরাপত্তা নিয়েছে পুলিশ। বিলটি পাস হলে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াত চালানো হতে পারে এমন ধারণা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা। সংসদ ভবন এলাকাসহ আশপাশের এলাকার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তেজগাঁও বিভাগ) মো. ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সহিংস ঘটনা ঘটতে পারে এমন বিষয় আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ কারণে পুলিশ সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। টহলও বাড়ানো হয়েছে।" শাহবাগ, প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় দায়িত্বে থাকা উপ কমিশনার (রমনা বিভাগ) কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব ধরনের সম্ভাবনা থেকে পুলিশকে সর্তক রাখা হয়েছে। যে কোন ধরনের সহিংসতা মোকাবেলায় পুলিশ সর্তক রয়েছে। পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তল্লাশিও করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৩৫৯ ঘ.