মৌলভীবাজার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহাম্মদ।
দণ্ডিত অমল ভট্টাচার্য্য (২৮) পেশায় ইলেকট্রিশিয়ান। তিনি সন্ধানী আবাসিক এলাকার মৃত রবীন্দ্র ভট্টাচার্য্যরে ছেলে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীমঙ্গল উপজেলা সদরের সন্ধানী আবাসিক এলাকার এক কলেজছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন অমল। মেয়েটি শ্রীমঙ্গল সরকারিী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী। মেয়েটির বাবা এ ব্যাপারে বুধবার থানায় লিখিত অভিযোগ করেন।
"এ প্রেক্ষিতে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহাম্মদ বেলা দেড়টার দিকে থানা পুলিশকে নিয়ে উত্ত্যক্তকারী অমলকে গ্রেপ্তার করেন। অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।"
বৃহস্পতিবার সকালে তাকে শ্রীমঙ্গল থানা থেকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হবে বলে জাহাঙ্গীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৪১ ঘ.
bdnews24