নওগাঁ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে একটি সিআর মামলায় নওগাঁ ৪৬ ব্যাটালিয়নের নয় সদস্য বেকসুর খালাস পেয়েছেন।
বুধবার নওগাঁ জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহম্মেদ এ আদেশ দেন।
এর আগে আটক ২১ জন বিজিবি সদস্যকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালতের আদেশ শেষে ৪৬ বিজিবি'র সুবেদার নাসির উদ্দিন নয়জনকে ব্যাটালিয়নে ফিরিয়ে নিয়ে যান। বাকি ১২ জনের বিরুদ্ধে বিজিবি (বিডিআর) আইনে মামলা থাকায় তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে একাত্মতা ঘোষণা করে নওগাঁ ৪৬ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে বিদ্রোহ প্রদর্শন করে কিছু সদস্য।
এ ঘটনায় নওগাঁ সদর থানার তৎকালীন ওসি আমিনুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন।
কিন্তু আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
খালাস পেয়েছেন- ল্যান্স নায়েক মো. নাসির, সিপাহী মো. দেলোয়ার, হাবিলদার মো. মনসুর, হাবিলদার মো. মজির, ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলাম, সিপাহী মো. শওকত আলী, সিপাহী আশাবুর, ল্যান্স নায়েক আবুল হোসেন ও সিপাহী সারোয়ার।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মেজর ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালাস পাওয়া নয়জনের বিরুদ্ধে বিজিবি (বিডিআর) আইনে কোনো মামলা ছিল না। শুধু এই সিআর মামলাটি ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24