ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাসের আওতাধীন দুটি এলাকা বাখরাবাদ গ্যাসকে দিতে অংশীদারদের অনুমোদনের জন্য ডাকা বিশেষ সভার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ হয়েছে।
তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় থাকা ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ এলাকা বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে দেওয়ার অনুমোদনে বৃহস্পতিবার সকাল ১১টায় ওই বৈঠক হওয়ার কথা। সভাটি ডেকেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ রিট খারিজ করে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিতাসের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং পেট্রোবাংলার পক্ষে ড. এম জহির শুনানি করেন।
খারিজের পর মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের আদেশ অনুযায়ী তিতাস কর্তৃপক্ষ নিজেদের মনোনীত চার্টার্ড অ্যাকাউন্টেন্স প্রতিষ্ঠানের মাধ্যমে ওই দুই এলাকার মূল্য ১২০৭ কোটি ৪৫ লাখ টাকা নির্ধারণ করে অনুমোদনের জন্য পেট্রোবাংলার কাছে পাঠায়। তবে পেট্রোবাংলা এই মূল্যের ওপর মতামত না দিয়ে অন্য একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্স প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্য ২৬৮ কোটি ২০ লাখ টাকা নির্ধারণ করে।"
তিতাসের ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ২৪ মে সরকারের মূল্য নির্ধারণের ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য তিতাস কর্তৃপক্ষ ৩০ জুন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (বিশেষ সভা) আহ্বান করে।
মোস্তাফিজুর জানান, বিশেষ সভার বৈধতা চ্যালেঞ্জ করে তিতাসের দুই শেয়ার হোল্ডার মো. আলাউদ্দিন ও আবু সাইদ ২৩ জুন রিটটি দায়ের করেছিলেন। এতে বিশেষ সভার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। পাশাপাশি ২৪ মে'র গেজেটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানাতে আদালতের নির্দেশনা চাওয়া হয়।
বুধবার রিটটি খারিজ হয়ে গেলে বিকেলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, "রিট খারিজের পর বিশেষ সভা করতে আর কোন বাধা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১২২ ঘ.
bdnews24