২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকর্মীর দুই পা কেটেছে দুর্বৃত্তরা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইউপি নির্বাচনে বিরোধের জেরে দুর্বৃত্তরা এক বিএনপিকর্মীর দুই পা মারাত্মকভাবে জখম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

লালমনিরহাট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইউপি নির্বাচনে বিরোধের জেরে দুর্বৃত্তরা এক বিএনপিকর্মীর দুই পা মারাত্মকভাবে জখম করেছে। মঙ্গলবার রাতে উপজেলার রইছবাগ এলাকায় এ হামলায় আহত হন স্থানীয় বিএনপি কর্মী মোজাম্মেল হক। রাত সাড়ে ১০টায় তাকে মুমূর্ষু অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগ সমর্থিত এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী লোকজন নিয়ে এ হামলা চালিয়েছেন বলে আহতের পরিবার দাবি করেছে। তবে আওয়ামী লীগ তা অস্বীকার করেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সময় আহত মোজাম্মেলের সঙ্গে থাকা তার ছোটভাই সোলেমান দাবি করেন, নির্বাচনে হেরে যাওয়ায় আওয়ামী লীগ নেতা আজিজুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে আদিতমারী থারার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বলেন, গত ১৪ জুন সারপুকুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বিএনপি সমর্থিত প্রার্থী মনছুর আলীর কাছে হেরে যান। নির্বাচনে মোজাম্মেল হক মনছুর আলীর পক্ষে কাজ করেন। পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতটিবাড়ি থেকে ছোটভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। রইসবাগ এলাকায় এলে তাদের গতিরোধ করে মোজাম্মেলের দু'পা মারাত্মকভাবে কেটে দেয় তারা। এতে তার বাম পা অর্ধেক এবং ডান পা প্রায় পুরোটাই কেটে গিয়ে চামড়ার সঙ্গে লেগে আছে। লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার জানান, এ ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে তার দলের কেউ জড়িত নয়। লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা এ ঘটনার প্রতিবাদে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১১ ঘ.