কুমিল্লা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কান্দিরপাড় এলাকায় দু'পক্ষের মধ্যে অন্তত শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আরো শতাধিক রাউন্ড ফাঁকা গুলিসহ রাবার বুলেট, টিয়ার গ্যাস শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে।
কুমিল্লা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কবীর জানান, সোমবার জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে জাতীয় সংসদের হুইপ এম মুজিবুল হক সমর্থিতরা ১১টি এবং সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিতরা চারটি পদ পায়।
এর প্রতিবাদে ক্ষুব্ধ বাহার সমর্থিতরা মঙ্গলবার রাতে বাদুড়তলা রোড থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের পূবালী চত্বরে গেলে নজরুল এভিনিউতে অবস্থানরত হুইপ মুজিব সমর্থিতদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দু'পক্ষ গুলি ছাড়াও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।
আহতদের মধ্যে রয়েছন- কুমিল্লা ভিক্টেরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওসমান, শহরের যুগ্ম সম্পাদক কউচার আলম সুজন, নতুন জেলা যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন আহাম্মেদ ভুঞাঁ, শহরের জামিল হোসেন বাপ্পি, শহর সাংগঠনিক সম্পাদক মান্না, শহর সাধারণ সম্পাদক সুমন দাস, জেলার সাবেক সহ-সম্পাদক শোয়েব চৌধুরী মিঠু, লিটন দাস, মোহাম্মদ হানিফ, আরিফ, আজাদ, মামুন, জাবেদ প্রমুখ।
তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ ও সাংবাদিকরা হলেন- কুমিল্লা কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, দৈনিক রূপসী বাংলার ফটো সাংবাদিক বাহার রায়হান, সাপ্তাহিক মেগোতির দেলোয়ার হোসাইন আকাইদ এবং সাপ্তাহিক কুমিল্লার কথার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির।
পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদকে কুমিল্লা পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। অপর দুই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৫৮ ঘ.
bdnews24