চট্টগ্রাম, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ২০১১-১২ অর্থবছরের জন্য আট কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ১৬ তম সিন্ডিকেট সভায় এই বাজেট পাস হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারির সভাপতিত্বে সভায় চলতি অর্থবছরের সংশোধিত এবং ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক চৌধুরী আলাউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১-১২ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ১২ কোটি ২৯ লাখ টাকার চাহিদার বিপরীতে ৮ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
পাশাপাশি এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় ধরা হয়েছে ২২ লাখ টাকা ।
খলিল জানান, বাজেটে বেতন-ভাতা খাতে ৫ কোটি ৮৫ লাখ টাকা, পেনশন খাতে ১০ লাখ টাকা, আনুষঙ্গিক খাতে ১ কোটি ৩৮ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৯৩ লাখ টাকা, মেরামত মঞ্জুরী খাতে সাড়ে ২৮ লাখ টাকা এবং সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ২৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরআরডি/এইচএ/২৩০০ঘ.
bdnews24