২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আদালত প্রাঙ্গণে এক ব্যক্তি আটক

বিচারকের নির্দেশে ঢাকার একটি আদালতের বারান্দা থেকে ইসলামী জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বিচারকের নির্দেশে ঢাকার একটি আদালতের বারান্দা থেকে ইসলামী জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম হাফেজ মাওলানা আব্দুল গফুর। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের হরকাত-উল-জিহাদ নেতা আব্দুল হান্নানের বিরুদ্ধে বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের সময় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে 'সব মিথ্যে, সব মিথ্যে, সত্যের জয় হবেই হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার' বলে স্লোগান দিতে থাকেন গফুর। পরে বিচারক মো. আকতারুজ্জামানের নির্দেশে গ্রেপ্তার করে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির ওবায়দুল করিম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক গফুর হুজিনেতা আব্দুল হান্নানের ভাই। কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ গণি মিয়া বলেন, রাত পৌনে আটটা পর্যন্ত গফুরের বিরুদ্ধে কোনো মামলা না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আব্দুল হান্নানের বিরুদ্ধে বিচারচলা মামলার নথিসূত্রে জানা যায়, এ বছরের ২২ জানুয়ারি সবুজবাগ থানা এলাকার ওয়াসা রোড, কালীবাড়ি, মান্ডা থেকে র‌্যাব-৩ এর একটি দল রাত সাড়ে ১১টার দিকে হান্নানকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমা তৈরীর সার্কিট, তিনটি ধর্মীয় উস্কানিমূলক বই ও ১২ হাজার ৪১২ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে হান্নান খরাইয়ানগর, সাতকানিয়া, চট্টগ্রামের বাসিন্দা বলে জানায়। গত ১৩ ফেব্র"য়ারি সবুজবাগ থানার উপপরিদর্শক মো. এমরান তদন্ত শেষে এ মামলার অভিযোগপত্র দেন। হান্নান চট্টগ্রামের রাউজান থানায় গত বছরের ১৩ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলারও পলাতক আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২২৫০ ঘ.