২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

বাগেরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

বাগেরহাট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মুনিগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি জানালার কাচ ভাংচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শহরের পুরাতন বাজারে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে আসেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় সেখানে দলের জেলা সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজা, পৌর কমিটির সভাপতি শেখ শাহেদ আলী, বেমরতা ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফ হাওলাদার, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মোজাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আশরাফ ও মোজামের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। হঠাৎ এই দুই নেতার সমর্থক ছাত্রদল নেতারা একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, উভয়পক্ষ লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে একে অন্যের উপর হামলা চালায়। ইট ও লাঠির আঘাতে দলীয় কার্যালয়ের ভেতর সাত-আট জনের মাথা ফেটে যায় এবং অনেকে রক্তাক্ত হয়। কার্যালয়ের ছয়টি জানালার কাচ ভাংচুর করা হয়। আহতরা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইঞার দুই ভাই আজিম ভূঁইঞা (২৫) ও মাশুক ভুইঞা (১৮), সাঈদ (২২), নান্না (২৫), হায়াৎ (৩০), রেজাউল (২৮) ও গোলাম মোস্তফা বলাই (৪৮)। এদের মধ্যে গোলাম মোস্তফা একটি বেসরকারি ক্লিনিকে এবং বাকিরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের জেষ্ঠ্য সেবিকা বীণা রাণী পাল বলেন, দুপুরে মাথা ও মুখে রক্তাক্ত অবস্থায় আসা সাত-আটজন যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা কেউ রেজিস্টার খাতায় নাম তুলতে দেননি বলে জানান সেবিকা। জেলা ছাত্রদল সভাপতি মোল্লা সুজাউদ্দিন সুজন এবং সাধারণ সম্পাদক তানু ভূঁইঞা জানান, ছাত্রদলের কিছু কর্মী নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। এ সময় দু'চারজন আহত হয়। বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম জানান, বিকালে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, ছাত্রদলের মারামারির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৩ ঘ.