২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চট্টগ্রাম যাচ্ছে ট্রাইবুনালের তদন্ত দল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে আবারও চট্টগ্রাম আসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে আবারও চট্টগ্রাম আসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দলের সদস্যরা। মঙ্গলবার রাতে ১৩ সদস্যের তদন্ত দল চট্টগ্রামে আসছেন বলে জানিয়েছেন অপরাধ তদন্ত কমিটির সদস্য সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অন্যদের একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাই করতে তদন্ত দল এর আগে তিন বার চট্টগ্রামে এসেছে। নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার থেকে তদন্ত দল চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয় তদন্ত কাজ শুরু করবে। "তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত দলের সমন্বয়ক পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিচালক আবদুল হান্নান খান।" হান্নান আইজিপি পদমর্যাদায় তদন্তর দলের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইবুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/১৮০৪ ঘ.