২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কার্যদিবস অনুপস্থিতিতে সাংসদ পদ বাতিলের সুপারিশ

নবম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনে ৮৩ শতাংশ কার্যদিবসেই বিরোধী দল অনুপস্থিত ছিল উল্লেখ করে সদস্যপদ বাতিলের নিয়ম আরো কঠোর করার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনে ৮৩ শতাংশ কার্যদিবসেই বিরোধী দল অনুপস্থিত ছিল উল্লেখ করে সদস্যপদ বাতিলের নিয়ম আরো কঠোর করার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, অনুপস্থিতির কারণে সংসদ সদস্যপদ বাতিল হওয়ার সময় টানা ৯০ কার্যদিবস থেকে কমিয়ে ৩০ কার্যদিবস করা উচিৎ। এছাড়া অধিবেশনভিত্তিক সর্বোচ্চ উপস্থিতির জন্য 'স্বীকৃতি' দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে 'পার্লামেন্ট ওয়াচ' শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, নবম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনে প্রতি কার্যদিবসে গড়ে ৩ ঘণ্টা ১২ মিনিট অধিবেশন চলে। ১৩৫ কার্যদিবসের মধ্যে ১১২ দিনই (৮২.৯৬ শতাংশ) বিএনপি সংসদে অনুপস্থিত ছিল। আর যে ২৩ কার্যদিবসের দলটি সংসদে এসেছে, তার মধ্যেই ১৬ বার ওয়াকআউট করেছে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ওই সময়ে প্রতি কার্যদিবসে কোরাম সংকট ছিলো গড়ে ৩৩ মিনিট। সংসদে সরকারি দলের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও অধিবেশন কক্ষে দেরিতে উপস্থিতির কারণে কোরাম সংকট সৃষ্টি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 'ক্ষতি প্রায় ১৯ কোটি টাকা' টিআইবির হিসাবে, ছয়টি অধিবেশনে কোরাম সংকটের কারণে অপচয় হওয়া ৭৪ ঘণ্টা ১৫ মিনিট সময়ের অর্থমূল্য প্রায় ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা। স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনেই সরকার দলীয় হওয়ায় তারা সংসদ পরিচালনার ক্ষেত্রে দলীয় প্রভাব থেকে বের হতে পারেননি বলে মনে করে টিআইবি। প্রতিবেদনে বলা হয়, 'অনেক সময় স্পিকারকেও অসংসদীয় শব্দের ব্যবহার কিংবা বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্যে কটাক্ষ করে বক্তব্য রাখতে দেখা যায়।" উপস্থিতির তুলনা চলতি সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনে গড়ে ২২৯ জন সংসদ প্রতি কার্যদিবসে উপস্থিত ছিলেন, যা মোট সদস্যের ৬৬ শতাংশ। সরকারি দলের ৩০৪ জন সংসদ সদস্যের মধ্যে ১৫৫ জন ৭৫ শতাংশের বেশি কার্যদিবসে সংসদে উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির সব সদস্যই ২৫ শতাংশের কম কার্যদিবসে অধিবেশনে অংশ নেন। বিরোধী দলের নিম্ন উপস্থিতির কারণ হিসেবে তাদের সংসদ বর্জনের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ৭২ দশমিক ৪ শতাংশ কার্যদিবসে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধী দলের নেতা খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন ২ দশমিক ৯ শতাংশ কার্যদিবসে। নোটিশ নবম সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনে মোট তিন হাজার ২৬টি নোটিশ উত্থাপিত হয়। এর মধ্যে দুই হাজার ৬২৬টি নোটিশ দিয়েছেন সরকারদলীয় সদস্যরা। প্রধান বিরোধী দল বিএনপির সদস্যরা ৩১৮টি এবং অন্যান্য দলের সদস্যরা ৬৪টি নোটিশ উত্থাপান করেছেন। এসব নোটিশের মধ্যে আলোচনার জন্য গৃহীত হয় ১৬৭টি। যার মধ্যে সরকারি দলের ১৫৭টি, প্রধান বিরোধী দলের চারটি এবং অন্যান্য বিরোধী দলের তিনটি। তবে প্রধান বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত থাকায় তাদের নোটিশ গৃহীত হলেও আলোচনা হয়নি। টিআইবির পরামর্শ সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিরোধী দলকে 'বর্জনের সংস্কৃতি' পরিহার করে নিয়মিত সংসদ অধিবেশনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে টিআইবি। আর অনুপস্থিতির কারণে সদস্যপদ বাতিল হওয়ার বিধান আরো কঠোর করে টানা ৯০ কার্যদিবসের বদলে টানা ৩০ কার্যদিবস করার সুপারিশ করা হয়েছে তাদের প্রতিবেদনে। এছাড়া অধিবেশনভিত্তিক সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রথম দশ জনকে স্বীকৃতি দান এবং সবচেয়ে কম উপস্থিত দশ জনের নাম প্রকাশ; যুক্তিসঙ্গত কারণ বা স্পিকারের অনুমতি ছাড়া পুরো অধিবেশনে অনুপস্থিতির কারণে সদস্যদের প্রাপ্য ভাতা কেটে নেওয়া এবং 'সংসদ সদস্য আচরণবিধি বিল-২০১০' সংসদে পাস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। অধিবেশনে অসংসদীয় ভাষা পরিহার; পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহিষ্ণু মনোভাব প্রতিষ্ঠা করতে স্পিকারের নিরপেক্ষ ভূমিকা পালন এবং আন্তর্জাতিক চুক্তিসহ জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয় সংসদে আলোচনার সুপারিশ করেছে সংস্থাটি। এছাড়া সংসদের কার্যদিবস ও কার্যসময় বাড়ানোর লক্ষ্যে অধিবেশন বিকালের পরিবর্তে সকালে শুরু করা এবং প্রতি কার্যদিবসের কার্যসময় ছয় ঘণ্টা করার সুপারিশ করেছে টিআইবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭০০ ঘ.