খুলনা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১-১২ অর্থ বছরের জন্য খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১৭৯ কোটি ৬৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৮৩ লাখ টাকা। সরকারি অনুদান নির্ভর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৪ কোটি ৮১ লাখ টাকা।
এ সময় মেয়র ২০১০-১১ অর্থ বছরের জন্য ১৫০ কোটি ২০ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।
কেসিসি'র অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সংরক্ষিত আসনের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০০ ঘ.
bdnews24