২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সময় নেওয়ার চক্রে' এগোচ্ছে না সায়মা হত্যার বিচার

বারবার সময় নেওয়ার কারণে শেষ হচ্ছে না অ্যাডভোকেট সায়মা খানম হত্যা মামলার বিচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 06:34 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বারবার সময় নেওয়ার কারণে শেষ হচ্ছে না অ্যাডভোকেট সায়মা খানম হত্যা মামলার বিচার। সর্বশেষ সোমবার সময় নেওয়ায় ৩০ জুন এই মামলায় আসামির পক্ষের যুক্তিতর্কের দিন ধার্য হয়েছে। রাষ্ট্রপক্ষে ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ কৌঁসুলি শামসুল ইসলাম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত এক বছর ধরে আসামি পক্ষের সময় চাওয়ার কারণে এবং এ আদালতের মূল বিচারকের অভাবে মামলাটি দ্রুত বিচারের জন্য এ আদালতে পাঠানো হলেও বিচার কাজ পিছিয়ে যাচ্ছে। গত ২১ জুন রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। ওই দিনও আসামিপক্ষ সময় চেয়েছিলেন বলে জানান তিনি। ২০০৭ সালের ১৭ জুলাই দুপুরে ১৩৫/এ এলিফ্যান্ট রোডের প্রিন্স টাওয়ারের নিজ বাসায় খুন হন সায়মা খানম। এ ঘটনায় সায়মার স্বামী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সেদিনই নিউমার্কেট থানায় আসামিদের নাম উল্লেখ না করে মামলা করেন। অনুমতি নিয়ে ঘরে ঢোকে এজাহারে বলা হয়, ঘটনার সময় বাদি তার কর্মস্থলে ছিলেন। তাদের ৯ বছরের মেয়ে আয়মান খানম তোফার টেলিফোন পেয়ে তিনি জানতে পারেন, দুষ্কৃতকারীরা তার স্ত্রীর গলা কেটে ফেলেছে। পরে বাসায় ফিরে ড্রইংরুমে সোফায় রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান। গৃহকর্মী মিনা বাদীকে জানায়, বেলা ১২টা থেকে দেড়টার মধ্যে অনুমতি নিয়ে ঘরে ঢোকে শ্যামবর্ণের এক ব্যক্তি। তাদের কথাবার্তা বলতে দেখে এক গ্লাস পানি এনে দিয়ে সে রান্না ঘরে চলে যায়। কিছুক্ষণ পর এসে লোকটিকে রক্তমাখা হাতে বেডরুমের দিকে যেতে দেখেন গৃহকর্মী মিনা। সায়মার মোবাইলের কললিস্ট দেখে আসামি মো. ফায়জুলকে ২০০৭ সালের ২৪ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। ২০০৯ সালের ১৫ জুলাই স্বেচ্ছায় ১৬৪ ধারায় দোষ স্বীকার করে মহানগর হাকিমের কাছে জবানবন্দি দেন তিনি। আসামিকে চাকরি দেন নিহতের স্বামী মামলা সূত্রে জানা গেছে, সায়মার স্বামীর সঙ্গে আসামি ফায়জুল ও তার বাবার পূর্ব পরিচয় ছিল। সায়মার স্বামী ফায়জুলের বাবা ও ফায়জুলকে চাকরি দিয়েছিলেন। রাজধানীর শাজাহানপুরের কয়েকজনের কাছ থেকে ফায়জুল চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়। তবে চাকরি না পেয়ে তারা টাকা ফেরত চায়। এই টাকা পরিশোধের জন্য ফায়জুল সায়মার কাছে টাকা দাবি করে। সায়মা টাকা না দিলে তাকে নির্মম ভাবে খুনের শিকার হতে হয় বলে মামলার নথি থেকে জানা গেছে। বিচারকালে রাষ্ট্রপক্ষ ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের বক্তব্য শোনে। ২০০৭ সালের ৮ ডিসেম্বর র‌্যাব-২ এর উপপরিদর্শক মতিউর রহমান তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন এবং ২০০৮ সালের ১৭ জানুয়ারি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ২০০৮ সালের ২ মার্চ অন্য একটি আদালতে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি এই দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের জন্য পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিপেফার ডটকম/পিবি/এএল/পিডি/০০৩১ ঘ.