২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক ডাকাতি, পিটুনিতে নিহত ১

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় দেবীদ্বার-চান্দিনা সড়ক অবরোধ করে ডাকাতিকালে গুলি ও পিটুনিতে এক 'ডাকাত' নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

কুমিল্লা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দেবীদ্বার উপজেলায় দেবীদ্বার-চান্দিনা সড়ক অবরোধ করে ডাকাতিকালে গুলি ও পিটুনিতে এক 'ডাকাত' নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার নবিয়াবাদ গ্রামে এ সময় ডাকাতরা ব্যাপক লুটপাট চালায়। তাদের হামলায় পুলিশ, পথচারী ও যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হয়। এলাকাবাসীর বরাত দিয়ে দেবীদ্বার থানার ওসি স্বপন কুমার নাথ জানান, রাত ১২টার দিকে কালো মুখোশ ও জাঙ্গিয়া পরা ১৫/১৬ জন ডাকাত সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতি শুরু করে। এ সময় তাদের অবরোধে আটকা পড়ে দেবীদ্বার থানার পুলিশের একটি টহল গাড়ি, দুইটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি রিকশা। ডাকাতরা এসব যানবাহনের চালকও যাত্রীদের মারধর করে ব্যাপক লুটপাট চালায়। এরপর তাদের বিবস্ত্র করে হাত-পা বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে রাখে। এর কিছুক্ষণ পর ওদিক দিয়ে যাচ্ছিলেন দেবীদ্বার পৌর এলাকার সহিদবাগের পিএএম শহিদুল্লাহ পলাশ (৪৫)। তাদের বহনকারী প্রাইভেটকারটিও দেবীদ্বার থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে ডাকাতের কবলে পড়ে। তাদের চালক গাড়িটি পেছনের দিকে নিতে চাইলে ডাকাতরা চালকের মাথায় রড দিয়ে আঘাত করে এবং শহিদুল্লাহকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু গাড়ির কাচ ভেঙে শহীদুল্লাহ আহত হন। এ সময় সহিদুল্লাহ তার ব্যক্তিগত শটগান থেকে এক রাউন্ড গুলি ছুড়লে ডাকাত সর্দার মোসলেম (৩৫) মাটিতে লুটিয়ে পড়ে। ডাকাতরাও গুলিবর্ষণ করলে সহিদুল্লাহ আবারো ফাঁকা গুলি করেন। তখন ডাকাতরা চলে যায়। এ সময় লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আহত ডাকাত সর্দারকে পিটুনি দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ডাকাতের কাছে ৩ হাজার ৪৯৫ টাকা, একটি মোবাইল ফোন সেট পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ২টি রাম দা, ২টি ছোরা, ৩টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। ডাকাত নিহত হওয়ার ঘটনায় আরো একটি মামলা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। নিহত মোসলেমের দেবীদ্বার উপজেলার জাফরাবাদ মনিপুরের প্রয়াত আবদুল মালেকের ছেলে। ডাকাতের মারধরে আহতরা হলেন- উপজেলার ভৈষেরকোট গ্রামের জহিরুল ইসলাম (৪২), কুরুইন গ্রামের মো. সোলাইমান (২৩), আব্দুর রহিম (৫২), নবিয়াবাদ গ্রামের মো. হারুন অর-রশিদ (৪০), তালতলা গ্রামের মো. খলিল (২৮), জাফরাবাদ গ্রামের মো. শাহআলম (৪০), ধামতী গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং ছেচরাপুকুরিয়া গ্রামের আবুল কালাম (৩৫)। এছাড়া কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৭ ঘ.